ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, হজ এজেন্সি কোটা এক হাজারই বহাল থাকবে। তবে কোনো হজ এজেন্সি এক হাজার হজযাত্রী পাঠাতে সক্ষম না হলে কয়েকটি এজেন্সি মিলে একটি লিড এজেন্সির মাধ্যমে ১ হাজার হজযাত্রী পাঠাতে পারবে।
বৃহস্পতিবার বিকেল ৩টায় সচিবালয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ২০২৫ সনের হজ ব্যবস্থাপনার সর্বশেষ অগ্রগতি নিয়ে প্রেস কনফারেন্সে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘সৌদি সরকার এজেন্সি প্রতি কোটা দুই হাজার করেছিল। এর বিপরীতে প্রতি এজেন্সির জন্য ২৫০ জন করার প্রস্তাব করা হয়েছিল বাংলাদেশের পক্ষ থেকে। কিন্তু সৌদি সরকার সর্বনিম্ন এক হাজার অনুমোদন করেছে। এক্ষেত্রে ধর্ম মন্ত্রণালয়ের কোনো সংশ্লিষ্টতা নেই। এটি দুটি রাষ্ট্রের বিষয়।’
তিনি আরও বলেন, ‘তাই এ নির্দেশনা মেনে হজ এজেন্সিগুলোকে কাজ করতে হবে। লিড এজেন্সির কারণে সাথের এজেন্সিগুলো যদি কোনো সমস্যা করে তাহলে ব্যবস্থা নেয়া হবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে।’





















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































