বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের প্রত্যাশা ছিল এই সরকার তাদের জন্য কাজ করবে। কিন্তু জনগণ ভোট দিতে পারে না আর আপনারা সংস্কার সংস্কার করেন, বলেন আগে সংস্কার পরে নির্বাচন, এ যেন শেখ হাসিনার প্রতিচ্ছবি। কারণ হাসিনা বলতেন আগে উন্নয়ন, পরে গণতন্ত্র।
শুক্রবার সকালে বনানী কবরস্থানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে দেখছি কোনো কোনো উপদেষ্টা বিএনপির ওপর এক ধরনের বিরূপ ধারণা নিয়ে প্রকাশ্যে, কখনো অপ্রকাশ্যে বক্তব্য দিচ্ছেন।
রিজভী বলেন, এই সরকার বিভিন্ন প্রশাসনিক নিয়োগের ক্ষেত্রেও বিশেষ কোনো রাজনৈতিক দলকে প্রাধান্য দিচ্ছে। শুনছি তারা, কিংস পার্টি তৈরি করছে। আমরা জানি, অন্তর্বর্তী সরকার একটি নিরপেক্ষ সরকার। এগুলো করলে তো অন্তর্বর্তী সরকার নিয়ে মানুষের ধারণা পাল্টে যাবে। সংস্কারের নাম করে অনন্তকাল ধরে নির্বাচন দিবেন না, এটা হতে দেওয়া যায় না।
এক-এগারো ইস্যুতে বিএনপির এই নেতা বলেন, কিসের ভয় দেখান যে ১/১১ এর পুনরাবৃত্তি হবে। উপদেষ্টারা কি বিজ্ঞলোকদের রাজনীতি শেখাতে চায়?





















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































