সক্ষমতা ও অতীত বিতর্কের অজুহাতে এবার রমজানে সুলভ মূল্যে গরু ও খাসির মাংস বিক্রি করবে না প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
২০২০ সাল থেকে রমজান মাসে দুধ, ডিম ও মাংস বিক্রি করে আসছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। যেখানে বাজারমূল্য থেকে কমে এসব পণ্য পান ভোক্তারা।
গত বছরও রাজধানীর ২৫টি স্থানে ভ্রাম্যমাণ ফ্রিজিং ভ্যানে ও পাঁচটি বাজারের দোকানে প্রতিদিন চার থেকে সাড়ে ৪ হাজার কেজি মাংস বিক্রি হয়েছে। এবার রমজানে গরু ও খাসির মাংস বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। এতে বাজারে দাম বাড়ার আশঙ্কায় ক্ষোভ প্রকাশ করছেন ভোক্তারা।
সরবরাহকারীরা বলছেন, মুরগির মাংসের জন্য ফ্রিজিং ব্যবস্থা যেহেতু করতেই হবে সুতরাং গরু ও খাসির মাংস বাদ দেয়ার কোনো যুক্তি নেই। সিদ্ধান্ত পরিবর্তন হলে তারা সরবরাহ করতে প্রস্তুত আছেন।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































