স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘অপারেশন ডেভিল হান্টে কোনো নির্দোষ ব্যক্তিকে শাস্তি দেয়া হবে না, সেজন্য একাধিক কমিটি রয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলের ভুক্তভোগীরা আইনি সহায়তা পাবে। লিগ্যাল এইড ডিপার্টমেন্ট থেকেও তারা সহায়তা পাবে।
আজ সোমবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে বিভাগীয় শীর্ষ কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ব্যাপারে উপদেষ্টা বলেন, তারা যদি আদালতের মাধ্যমে নির্দোষ প্রমাণ করতে পারে, তবে বিবেচনা করা যাবে।
সীমান্তে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জের মানুষের ভূমিকায় স্বরাষ্ট্র উপদেষ্টা সন্তোষ প্রকাশ করে বলেন, এতে আমরা খুশি। তবে আইন যেনো কেউ হাতে তুলে না নেয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে থাকবে। কারণ ছোলা, খেজুরের সরবরাহ ভালো।
এ সময় তিনি ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে বাংলাদেশ নিয়ে গুজবের বিরুদ্ধে অবস্থান নিয়ে মানুষকে সচেতন করায় সাংবাদিকদের ভূয়সী প্রশাংসা করেন।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































