বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন বলেছেন, আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে ভোজ্যতেলের বাজার নিয়ন্ত্রণে আসবে এবং বাজারে সয়াবিন তেলের সংকট কাটবে।
বুধবার সচিবালয়ে নৌ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, রমজানকে সামনে রেখে ছোলা, বুট, খেজুর, ডাল ও চিনির মূল্য অস্থিতিশীল হওয়ার সুযোগ নেই। আমাদের এসব পণ্যের সংকটও নেই। বিভাগ ও জেলা পর্যায়ে ১২ লাখ টিসিবির ট্রাকসেল বাড়ানো হয়েছে। চাল চিনিসহ অন্যান্য পণ্য দেয়া হবে। রোজায় পণ্য সরবরাহ ঠিক থাকবে। বাজার দাম আরও কমবে।’
বাজারে তেলের সংকট নিয়ে শেখ বশির বলেন, ‘তেলের বাজারকে বৈচিত্র্যময় করতে চেষ্টা চলছে। আগে ৬ লাখ টন ক্রুড অয়েল ভারতে পাচার হয়ে যেত। পরিশোধন সক্ষমতা অর্ধেক। সক্ষমতা বাড়াতে কাজ করা হচ্ছে। সয়াবিন তেল লাখটন বেশি আমদানি হয়েছে।’
‘আশা করি আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে তেলের বাজার স্থিতিশীল থেকে নিম্নমুখী হয়ে যাবে। সরবরাহের যে ঘাটতি সেটাও দূর হবে,’ যোগ করেন বাণিজ্য উপদেষ্টা।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































