আসন্ন রমজান মাসে জনসাধারণ যেন সহজেই প্রাণিজ আমিষের চাহিদা মেটাতে পারেন সে লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় মাসব্যাপী সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিপণন ব্যবস্থা চালু করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

উপদেষ্টা আজ সকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন রমজান মাসে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় গৃহীত কার্যক্রম এবং বিগত ছয় মাসে মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি বিষয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, প্রথম রমজান থেকে শুরু হয়ে ২৮ রমজান পর্যন্ত দুধ, ডিম ও মাংস বিপণন ব্যবস্থা ঢাকা শহরের ২৫টি স্থানে চালু থাকবে। সুলভ মূল্যে প্রাণিজাত পণ্য বিক্রির ক্ষেত্রে জুলাই বিপ্লবের সময় যে সব স্থানে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ বেশি ছিল সে সব স্থানকে অগ্রাধিকার প্রদান করা হয়েছে।

প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, সারাদেশে গবাদিপশুর লাম্পি স্কিন ডিজিজ’র (এলএসডি) কারণে দেশের খামারিরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হন। ২০১৯ সালে বাংলাদেশে প্রথম এ রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। কিন্তু খুব দ্রুত এই রোগ সারা দেশে ছড়িয়ে পড়ে এবং বর্তমানে এ রোগ খামারিদের বড় দুশ্চিন্তার কারণ। এই রোগের আক্রান্তের হার প্রায় ৩০ শতাংশ এবং আক্রান্ত গবাদি পশু ৫-১০ শতাংশ মারা যায়। যা খামারিদের জন্য খুব উদ্বেগের কারণ। আমদানি করা ভ্যাক্সিনের দাম কোম্পানি ভেদে ২০০-৩০০ টাকা পর্যন্ত হলেও সরকার এলএসডি ভ্যাকসিন উৎপাদনসহ গ্রাহক পর্যায়ে বিতরণ করতে ৫০ টাকার মধ্যে রাখার চেষ্টা করছে।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ‘সাফওয়ান আখতার সদ্য’ গুলিবিদ্ধ হয়ে শাহাদাৎ বরণ করেন। তার স্মরণে ঢাকার সাভারে বিসিএস লাইভস্টক একাডেমির মূল গেট ‘শহিদ সাফওয়ান সদ্য’ নামে নামকরণের সিদ্ধান্ত হয়েছে। অতিশিগগিরই আনুষ্ঠানিকভাবে শহিদ সাফওয়ান সদ্য নামের গেটটি উদ্বোধন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *