বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতিসংঘ মহাসচিব সংস্কারের ব্যাপারে কোনো কথা বলেননি।
আজ শনিবার দুপুরে রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে গোলটেবিল বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে গোলটেবিল বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল বলেন, মূলত এখানে সংস্কারে যে কমিশনগুলো করা হয়েছে, সে বিষয়গুলো জাতিসংঘ মহাসচিবকে অবহিত করা হয়েছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল এ বিষয়ে অবহিত করেছেন। আমরা আমাদের বক্তব্যের মধ্যে যে কথাগুলো বলে আসছি, সেই একই কথা বলেছি।
সংস্কারের কথা সবার আগে বিএনপি বলছে মন্তব্য করে দলটির মহাসচিব বলেন, সংস্কার অবশ্যই করতে হবে। কিন্তু সেই সংস্কার যাতে দ্রুত করা যায়। আমরা যেটা বলেছি, মূলত নির্বাচনকেন্দ্রিক বিষয়গুলো, সংস্কারগুলো করে ফেলা। তারপর দ্রুত নির্বাচন করার পর একটি সংসদের মাধ্যমে বাকি সংস্কারগুলো করা। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটাই আমরা বলেছি।
নির্বাচন নিয়ে কোনো টাইম ফ্রেমের কথা বলেছেন কি না জানতে চাইলে তিনি বলেন, আমাদের কোনো টাইম ফ্রেমের কথা বলার প্রয়োজন নেই। সংস্কার আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। আমরা সংস্কার কমিশনগুলোর সঙ্গে কথা বলছি, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। তারা যা চাচ্ছে আমরা সব দিয়ে দিচ্ছি। ইতোমধ্যে আমাদের সঙ্গে একটা বৈঠক হয়েছে। জাতিসংঘের মহাসচিবকে আমরা আমাদের টাইম ফ্রেমটা দিতে যাব কেন?





















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































