সরকার হারিয়ে যাওয়া পাঁচটি উদ্ভিদ ও বিলুপ্তপ্রায় পাঁচটি প্রাণী ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
আজ মঙ্গলবার মিরপুর ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন বাংলাদেশ ন্যাশনাল হার্বেরিয়ামে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ সব কথা বলেন।
পরিবেশ উপদেষ্টা বলেন, জীববৈচিত্র্য সংরক্ষণে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে। জীববৈচিত্র্য আইন অনুযায়ী জীববৈচিত্র্য রেজিস্টার করা হবে। সংকটাপন্ন গাছ ও হারিয়ে যাওয়া উদ্ভিদের ওপর গবেষণা বাড়ানো হবে। এসব নিয়ে একটি বুকলেট প্রকাশ করা হবে, যাতে সংশ্লিষ্টরা সহজেই তথ্য পেতে পারেন।
ন্যাশনাল হার্বেরিয়াম শুধু সংরক্ষণের জায়গা নয়, গবেষণা ও শিক্ষার গুরুত্বপূর্ণ ক্ষেত্র। গবেষণার গুণগত মান বাড়াতে বন বিভাগের সঙ্গে সমন্বয়ের নির্দেশনা দেন তিনি।
এর আগে উপদেষ্টা ন্যাশনাল হার্বেরিয়ামের উদ্ভিদ মিউজিয়াম ও পরে জাতীয় উদ্ভিদ উদ্যান পরিদর্শন করেন।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































