পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, আমাদের এ সরকার দেশের উন্নয়ন চায়। মানুষের মনে শান্তি অব্যাহত রাখতে চায়। আগে নিজেকে জানতে হবে-নিজের দোষ ত্রুটি সম্পর্কে জেনে অন্যায় কাজগুলো বাদ দিয়ে সত্যের সন্ধানে নিজেকে সত্যপথে নিয়োজিত করতে হবে।

আজ শুক্রবার রাঙ্গামাটি সার্কিট হাউসে জেলার ছাত্র প্রতিনিধিরা উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।

সুপ্রদীপ চাকমা বলেন, সরকারের আর্থিক অনুদান ও অন্যান্য সহযোগিতা হলো একটি চলমান প্রক্রিয়া। চাকমা, মারমা, ত্রিপুরা, বাঙালিসহ যারা পার্বত্য চট্টগ্রামের অধিবাসী- সরকারের সাহায্য সহযোগিতা পাবার অধিকার তাদের সবারই আছে। তিনি বলেন, পর্যায়ক্রমে সবাইকে সরকারি অনুদান ও অন্যান্য সহযোগিতা দেয়া হবে।

উপদেষ্টা বলেন, আমরা পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে চাই। আমরা কৃষি ক্ষেত্রে বিপ্লব ঘটাবো। পার্বত্য অঞ্চলের নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ করে দেবো। আমাদের এই সরকার দেশের সার্বিক উন্নয়ন চায়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারত সরকার প্রধান নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা ইতিবাচক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *