ঢাকা, ১৩ এপ্রিল ২০২৫: বাংলাদেশ সরকার পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ।
সুরক্ষা সেবা বিভাগ সূত্রে জানা গেছে, গত ৭ এপ্রিল পাসপোর্ট অধিদপ্তরকে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।
দীর্ঘদিন ধরে বাংলাদেশের পাসপোর্টে লেখা ছিল, ‘এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরায়েল ব্যতীত’। কিন্তু ২০২০ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ই-পাসপোর্ট চালু করার সময় এই লেখা বাদ দেওয়া হয়। উল্লেখ্য, এ বিষয়ে সে সময় কোনো আনুষ্ঠানিক ঘোষণাও দেওয়া হয়নি।
এই সিদ্ধান্ত পুনর্বহালের ফলে বাংলাদেশের পাসপোর্টধারীদের জন্য ইসরায়েল ভ্রমণে বিধিনিষেধ আবারও কার্যকর হবে। এটি বাংলাদেশের পররাষ্ট্রনীতির ধারাবাহিকতার একটি অংশ হিসেবে দেখা হচ্ছে।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































