প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক কূটনীতিক মোহাম্মদ সুফিউর রহমান। তিনি প্রতিমন্ত্রীর মর্যাদায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করবেন। রোববার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সুফিউর রহমান পররাষ্ট্র উপদেষ্টাকে সহায়তা করবেন এবং তাকে নির্বাহী ক্ষমতা প্রদান করা হয়েছে। দায়িত্ব পালনকালে তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।
মোহাম্মদ সুফিউর রহমান জেনেভায় জাতিসংঘের দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন। এছাড়া তিনি অস্ট্রেলিয়া ও মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯১ সালে বিসিএস পররাষ্ট্র ক্যাডারে যোগ দিয়ে তিনি সরকারি চাকরি শুরু করেন এবং ২০১২ সালে রাষ্ট্রদূতের দায়িত্ব পান।





















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































