আগামী তিন বছরের লক্ষ্যকে সামনে রেখে প্রণীত ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বিপ্লবী পরিবর্তন আনা সম্ভব হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “আমরা প্রবৃদ্ধির চেয়ে জীবনযাত্রার মান সহজ করার দিকে জোর দিয়েছি। সামনে বন্ধুর পথ, এই প্রেক্ষিতে বাজেট প্রণয়ন করা হয়েছে।” মঙ্গলবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা জানান, কালো টাকা সাদা করার সুযোগকে তিনি ব্যক্তিগতভাবে ভালো উদ্যোগ মনে করেন না। তবে, এ বিষয়ে জনগণের দাবি জোরালো হলে সরকার পরিবর্তনের বিষয়ে ভাববে। তিনি বলেন, “মূল্যস্ফীতি, ব্যাংকিং খাত, জ্বালানি খাত এবং রাজস্ব আদায়ের মতো একাধিক চ্যালেঞ্জের মধ্যে বাজেট প্রণয়ন করতে হয়েছে। তবুও আমাদের প্রথম বাজেটের আকার বাড়ানো হয়নি।”
ড. সালেহউদ্দিন আরও বলেন, “অর্থনীতি আইসিইউতে ছিল, প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছিল, বিশৃঙ্খলা ছিল। এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে। সংকটের মধ্যে দায়িত্ব না নিলে কী হতো?” তিনি সরকারের প্রতি সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আমাদের প্রতি বৈশ্বিক সমর্থন রয়েছে। সামনে এগিয়ে যেতে সবার সহযোগিতা প্রয়োজন।”
অর্থ উপদেষ্টা জানান, বাজেটে অর্থনৈতিক স্থিতিশীলতা এবং জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি বাজেটকে সংকটকালীন প্রেক্ষাপটে প্রণীত একটি বাস্তবসম্মত পরিকল্পনা হিসেবে উল্লেখ করেন, যা অর্থনীতির পুনরুদ্ধার ও সংস্কারের দীর্ঘমেয়াদি লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।





















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































