শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ চলছে। সোমবার (৪ আগস্ট) সকাল ১১টার দিকে এই বিচার কার্যক্রম শুরু হয়। এ মামলার অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।

সকাল সাড়ে ৯টার দিকে মামলার একমাত্র গ্রেফতার আসামি এবং রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়। তিনি এই মামলায় সম্পূর্ণ সত্য প্রকাশের শর্তে রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দিচ্ছেন।

গত রোববার (৩ আগস্ট) চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়। প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন মাইক্রোবাস চালক খোকন চন্দ্র বর্মণ, যিনি গত বছর ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে মারাত্মকভাবে আহত হয়েছিলেন। তাকে জেরা করেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন।

এ মামলায় গত ১০ জুলাই শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে পাঁচটি অভিযোগে চার্জ গঠন করা হয়। অভিযোগগুলোর মধ্যে রয়েছে ষড়যন্ত্র, উস্কানি, প্ররোচনা, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে হত্যা, চাঁনখারপুলে ছয় শিক্ষার্থীকে হত্যা এবং আশুলিয়ায় ছয়জনকে হত্যা করে তাদের লাশ পুড়িয়ে ফেলার ঘটনা।

আরও পড়ুন: পাঁচ অভিযোগে হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহন শুরু

ট্রাইব্যুনালের বিচারকাজ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে পরিচালিত হচ্ছে, যিনি তিন সদস্যের ট্রাইব্যুনালের চেয়ারম্যান। অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। বিচার কার্যক্রম ট্রাইব্যুনালের ফেসবুক পেজ ও বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *