প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকার গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং বাংলাদেশের জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের জন্য সরকার কঠোর পরিশ্রম করছে, যাতে ক্ষমতা জনগণের প্রকৃত প্রতিনিধিদের হাতে হস্তান্তর করা যায়।
বুধবার (১৩ আগস্ট ২০২৫) মালয়েশিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটির বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। সামাজিক ব্যবসা প্রসারে অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই অনুষ্ঠানে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়।
ড. ইউনূস বলেন, “সংস্কার আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমাদের স্পষ্ট লক্ষ্য, বিস্তারিত পরিকল্পনা এবং দৃঢ় অঙ্গীকার রয়েছে। শক্তিশালী ও সহনশীল বাংলাদেশ গড়তে অর্থনীতিতে বড় পরিবর্তন প্রয়োজন। এর মধ্যে রয়েছে উদ্যোক্তাদের সহায়তা, শিক্ষা ও প্রযুক্তিতে বিনিয়োগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা।”
আরও পড়ুন: ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচনের জন্য সরকার প্রস্তুত: প্রধান উপদেষ্টা
তিনি আরও বলেন, “২০২৪ সালের জুলাই ও আগস্টে যুবসমাজের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলন জাতীয় পরিচয়ে নতুন অর্থ দিয়েছে এবং ভবিষ্যতের জন্য আশা জাগিয়েছে। আমরা একটি নতুন বাংলাদেশ গড়ছি, যেখানে শাসনব্যবস্থা ন্যায়সঙ্গত, অর্থনীতি সবার জন্য অন্তর্ভুক্তিমূলক এবং প্রতিটি মানুষ সাফল্যের ন্যায্য সুযোগ পাবে।”
অন্তর্বর্তী সরকার শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে মালয়েশিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটির চ্যান্সেলর তুয়াংকু মুহরিজ ইবনি আলমারহুম তুয়াংকু মুনাওয়ির, নেগেরি সেম্বিলান দারুল খুসুস-এর তুঙ্কু আমপুয়ান বেসার তুঙ্কু আইশাহ রোহানি, প্রো-চ্যান্সেলর তুঙ্কু আলি রেদাউদ্দিন ইবনি তুয়ানকু মুহরিজ, প্রো-চ্যান্সেলর তান শ্রী দাতুক রাফিয়া সালিম এবং মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী দাতো’ সেরি দিরাজা ড. জাম্ব্রি আবদ কাদির উপস্থিত ছিলেন।





















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































