আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল চিকিৎসকদের প্রতি অপ্রয়োজনীয় টেস্ট না করানো এবং ওষুধ কোম্পানির মধ্যস্বত্বভোগী না হওয়ার আহ্বান জানিয়েছেন। শনিবার (১৬ আগস্ট ২০২৫) দুপুরে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ড. আসিফ নজরুল বলেন, “বাংলাদেশে সঠিক চিকিৎসা সেবা দেওয়ার সক্ষমতা আছে। মানুষ ভারত বা থাইল্যান্ডে চিকিৎসার জন্য যেতে চায় না।” তিনি অভিযোগ করেন, রোগীদের নির্দিষ্ট কোম্পানির ওষুধ কিনতে বাধ্য করা হয়। তিনি প্রশ্ন রেখে বলেন, “পৃথিবীর কোন দেশে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের জন্য চিকিৎসকদের আলাদা সময় বরাদ্দ থাকে? আপনারা কি ওষুধ কোম্পানির দালাল?”
তিনি আরও বলেন, “এসব অত্যাচার বন্ধ করুন। বাংলাদেশের মানুষ গরিব। বড়লোকদের গলা কাটলে সমস্যা নেই, কিন্তু গরিবদের ওপর অত্যাচার করবেন না।” উদাহরণ দিয়ে তিনি বলেন, “আমার বাসার এক সহকারী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে গিয়েছিল। তাকে ১৪টি টেস্ট করতে বলা হয়। পরে তিনি ঢাকার বাইরে চিকিৎসা নেন, যেখানে এত টেস্টের প্রয়োজন হয়নি।”
আরও পড়ুন: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমাদের আত্মতুষ্টির সুযোগ নেই: আসিফ নজরুল
হাসপাতালের সেবা নিয়েও তিনি অভিযোগ তুলে বলেন, “একজন নার্স ১২ হাজার টাকা বেতনে কীভাবে মেজাজ ঠিক রেখে ভালো সেবা দেবেন?” এ সমস্যা সমাধানে তিনি হাসপাতাল মালিকদের কম মুনাফার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































