হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮.৬৬ কেজি কোকেনসহ গায়ানার এক নাগরিককে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আটককৃত যাত্রীর নাম এম এস কারেন পেতুলা স্টাফেল। জব্দ করা কোকেনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা। ঘটনাটি ঘটেছে সোমবার (২৫ আগস্ট) গভীর রাতে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, মহাপরিচালকের কাছে গোপন সূত্রে খবর আসে যে, দোহা থেকে কাতার এয়ারওয়েজের ফ্লাইট নম্বর QR638-এ এক যাত্রী মাদক চোরাচালানের সঙ্গে জড়িত থাকতে পারেন। এই তথ্যের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন। ফ্লাইটটি রাত আড়াইটার দিকে শাহজালাল বিমানবন্দরের ৬ নম্বর বোর্ডিং ব্রিজে অবতরণ করলে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্নের পর যাত্রী পেতুলা স্টাফেলের ব্যাগেজ স্ক্যান করা হয়।
স্ক্যানিংয়ে তার ব্যাগেজে তিনটি প্লাস্টিকের জারে ২২টি ডিম্বাকৃতির ফয়েল পেপারে মোড়ানো কোকেন পাওয়া যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিমানবন্দর ইউনিটের প্রাথমিক পরীক্ষায় এটি কোকেন বলে নিশ্চিত হয়। উদ্ধারকালে বিমানবন্দর থানার পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে জয়ের বিপুল সম্পত্তির সন্ধান
কোকেনসহ আটক যাত্রী কারেন পেতুলা স্টাফেলকে বিমানবন্দর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তার বিরুদ্ধে চোরাচালান ও কাস্টমস অ্যাক্টের আওতায় ফৌজদারি মামলা দায়েরের কার্যক্রম চলমান। তার পাসপোর্ট নম্বর R1165532 এবং বোর্ডিং পাস নম্বর 7IBAHK।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































