বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমানের পদ তিন মাসের জন্য স্থগিত করেছে। মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) বিএনপির একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
ফজলুর রহমানকে দেওয়া স্থগিতাদেশের চিঠিতে বলা হয়, গত ২৪ আগস্ট ২০২৫ (সূত্র নং-বিএনপি/সাধারণ/৭৭/১৪৭/২০২৫) তারিখে তাঁর নামে কারণ দর্শানো নোটিশ জারি করা হয়েছিল। তিনি নির্ধারিত সময়ের মধ্যে নোটিশের লিখিত জবাব না দিয়ে সময় বাড়ানোর জন্য আবেদন করেন। এই আবেদনের পরিপ্রেক্ষিতে ২৫ আগস্ট ২০২৫ (সূত্র নং-বিএনপি/সাধারণ/৭৭/১৪৮/২০২৫) তারিখে জবাব দেওয়ার জন্য আরও ২৪ ঘণ্টা সময় বাড়ানো হয়। তবে, ২৬ আগস্ট ফজলুর রহমানের দেওয়া জবাব সন্তোষজনক বিবেচিত হয়নি।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, ফজলুর রহমানের বীর মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধে অবদানের কথা বিবেচনা করে কঠোর সাংগঠনিক ব্যবস্থা না নিয়ে তাঁর দলীয় প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। এই সময়ের মধ্যে তাঁকে টকশো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দেওয়ার সময় দেশের মর্যাদা, দলের নীতিমালা এবং জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতির প্রতি সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: নিরাপত্তা চাইলেন ফজলুর রহমান
এর আগে, ফজলুর রহমান ২৩ আগস্ট একটি সাক্ষাৎকারে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরকে ‘কালো শক্তি’ হিসেবে উল্লেখ করে ৫ আগস্টের ঘটনার জন্য তাদের দায়ী করেন, যা ব্যাপক বিতর্কের জন্ম দেয়। এই বক্তব্যের জেরে তাঁকে শোকজ করা হয়েছিল।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































