বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণের মাধ্যমে রাজধানীসহ সারাদেশে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছেন নেতা-কর্মীরা। সোমবার সকাল ১১টায় রাজধানীর শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে কয়েক হাজার নেতা-কর্মী।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে শেরে বাংলা নগরে সমবেত হন। এতে পুরো সমাধিস্থলে ব্যাপক জনসমাগম ঘটে। উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবদুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু, সাইফুল আলম নিরব, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ অঙ্গসংগঠনের নেতারা।
আরও পড়ুন: দেশের পরিস্থিতি জটিল হচ্ছে: তারেক রহমান
পুষ্পস্তবক অর্পণের পর প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন নেতৃবৃন্দ। ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান। প্রতিষ্ঠাবার্ষিকী দিবসের সূচনায় ভোরে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়, গুলশানে চেয়ারপারসনের কার্যালয়সহ সারাদেশে বিএনপির কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































