আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কারও বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের হলে তিনি জাতীয় সংসদ সদস্য হওয়ার যোগ্যতা হারাবেন। নতুন আইন সংশোধনের মাধ্যমে এই বিধান যুক্ত করা হয়েছে। এর ফলে আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবেন না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কারণ তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় ইতোমধ্যে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়েছে।
গত সোমবার (৬ অক্টোবর) আইন মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর অভিযুক্ত ব্যক্তি জাতীয় সংসদে নির্বাচিত হওয়ার বা সংসদ সদস্য হিসেবে থাকার অযোগ্য হবেন। এছাড়া স্থানীয় সরকারের কোনো পদে, যেমন—সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক হিসেবে নির্বাচিত বা নিয়োগপ্রাপ্ত হওয়ার সুযোগ থাকবে না।
এছাড়া প্রজাতন্ত্রের কোনো চাকরিতে নিয়োগ বা অন্য কোনো সরকারি পদে অধিষ্ঠিত হওয়ারও সুযোগ থাকবে না। তবে, ট্রাইব্যুনালে কোনো ব্যক্তি খালাস বা অব্যাহতি পেলে এই বিধান তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
ট্রাইব্যুনাল সূত্র জানায়, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের পর বর্তমানে সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ফলে তাদের নির্বাচনে অংশ নেওয়ার পথ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































