আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জোরালোভাবে জানিয়েছেন যে, সেনাবাহিনীর হেফাজতে থাকা ১৫ জন সেনা কর্মকর্তাকে অবিলম্বে আদালতে উপস্থিত করতে হবে, কারণ এটি সংবিধান, ট্রাইব্যুনালের আইন এবং ফৌজদারি কার্যবিধির স্পষ্ট বিধান।
রোববার সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। তাজুল ইসলাম বলেন, ‘যেখানেই কাউকে গ্রেপ্তার করা হোক না কেন, আদালতে পৌঁছাতে যতটুকু সময় লাগবে তা ছাড়া ২৪ ঘণ্টার মধ্যে তাকে হাজির করার বাধ্যবাধকতা রয়েছে। এটা আইনের অলঙ্ঘনীয় নিয়ম।’
আরও পড়ুন: চার্জশিটে অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনা সদর
গুমের মামলায় অভিযুক্ত এই সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে গেছে বলে জানান তিনি। তবে আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষ থেকে আটকের বিষয়ে ডকুমেন্টারি তথ্য না পাওয়ায় মিডিয়া রিপোর্টকে আমলে নেওয়া হচ্ছে না উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, ‘যদি আটকের কথা নিশ্চিত করা হয়, তাহলে আইনানুযায়ী তাদের আদালতে আনতেই হবে। এ বিষয়ে কোনো ব্যত্যয় চলবে না।’



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































