সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবেন বলে আশা প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ বুধবার দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশা প্রকাশ করেন।
জুলাই সনদে সইয়ের বিষয়ে আইন উপদেষ্টা বলেন, “আমার মনে হয়, সমস্ত রাজনৈতিক দল যে নিষ্ঠার সঙ্গে এ আলোচনায় অংশগ্রহণ করেছেন। আমি জানি না তারা কী করবেন। তবে আমার মনে হয় এ নিষ্ঠার ধারাবাহিকতা হিসেবে তারা জুলাই সনদে সই করবেন। কনসেন্ট (সম্মতি) নিয়ে জুলাই সনদ হচ্ছে। মূল মতভেদ তো বাস্তবায়ন পদ্ধতি নিয়ে। আমি বিশ্বাস করি এখানে সবাই সাইন করবে।”
আরও পড়ুন: সংবিধান আদেশে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ বিশেষজ্ঞদের
তিনি আরও বলেন, “যখনই কোনো অন্তর্বর্তী সরকার হয় তখনই নির্বাচন নিয়ে এ ধরনের একটি শঙ্কা থাকে। আমাদের সরকারের পক্ষ থেকে দৃঢ়ভাবে বলতে চাই ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন করার ব্যাপারে আমরা বদ্ধপরিকর। কোনো রকম দ্বিতীয় চিন্তা আমরা কথা প্রসঙ্গেও আলোচনা করি না।”
আগামী ১৭ অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠানে সব দলের অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































