বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ-newsedge24

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে জুলাই যোদ্ধাদের নিয়ে দেওয়া তার বক্তব্যের প্রসঙ্গে ক্ষমা চাওয়ার আহ্বানকে স্বাগত জানিয়েছেন। রোববার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে আমার একটা বক্তব্যের প্রসঙ্গ টেনে আমাকে ক্ষমা চাওয়ার জন্য আহ্বান জানিয়েছে। এটাকে স্বাগত জানাই।”

শুক্রবার (১৭ অক্টোবর) জুলাই সনদ সইয়ের দিনে দাবি আদায়ে বিক্ষোভকারী ‘জুলাই যোদ্ধা’দের নিয়ে সালাহউদ্দিনের বক্তব্যের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। এ বিষয়ে স্পষ্টীকরণ দিতে রোববার সংবাদ সম্মেলন করেন বিএনপির এই নেতা।

সালাহউদ্দিন বলেন, “আমার বক্তব্য নিয়ে গতকাল একটি রাজনৈতিক দল প্রেস কনফারেন্সে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করেছে। তারা আমার একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে। এটাকে আমি স্বাগত জানাই। এভাবেই গণতান্ত্রিক চর্চা হওয়া উচিত।” তিনি আরও বলেন, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে সংঘর্ষের ঘটনায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানিয়েছিলেন, জুলাই যোদ্ধারা তাদের সঙ্গে এবং ঐকমত্য কমিশনের সঙ্গে কথা বলেছিল। তাদের যৌক্তিক দাবি পূরণের জন্য তিনি নিজেও সমর্থন জানিয়েছিলেন, এবং ঐকমত্য কমিশনের সহ-সভাপতি প্রফেসর আলী রীয়াজ এটি সঠিকভাবে সমাধান করেছেন।

তিনি জোর দিয়ে বলেন, “যেসব বিশৃঙ্খলা হয়েছে, তদন্তে দেখা গেছে, জুলাই যোদ্ধাদের নামে কিছু উশৃঙ্খল ব্যক্তি ঢুকে পড়েছিল, যাদের পিছনে ফ্যাসিস্ট সরকারের বাহিনী জড়িত বলে আমি মনে করি।” তিনি স্পষ্ট করেন, “প্রকৃত জুলাই যোদ্ধা বা অভ্যুত্থানের সঙ্গে জড়িত কোনো সংগঠন এই বিশৃঙ্খলার সঙ্গে জড়িত থাকতে পারে না। আমার বক্তব্য ছিল তাদের সম্মান রক্ষার জন্য।”

আরও পড়ুন: জুলাই সনদের আইনি ভিত্তি না থাকলে জনগণের সঙ্গে প্রতারণা: নাহিদ

সম্প্রতি দেশের কয়েকটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, “এ বিষয়ে তদন্ত চলছে। সরকারও একটি তদন্ত টিম গঠন করেছে। তবে আমার মনে হয়, এই ঘটনাগুলো দেশে অস্থিরতা সৃষ্টির জন্য কোনো গোষ্ঠীর কাজ হতে পারে, যার সঙ্গে পতিত ফ্যাসিবাদের দোসররা জড়িত থাকতে পারে। তবে তদন্তের ফলাফল না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *