সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগের মতো অপতৎপরতা রোধ এবং নিরাপত্তা নিশ্চিতে রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। বুধবার সকালে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।’ রাজধানীতে ১২ প্লাটুন এবং আশপাশের জেলায় দুই প্লাটুনসহ মোট ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোতায়েন থাকবে বলে জানা গেছে।
সাম্প্রতিক রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা রয়েছে। গত কয়েকদিনে রাজধানীতে প্রায় ১০টি বাসে অগ্নিসংযোগ ও একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার রাত থেকে মঙ্গলবার রাত পর্যন্ত চারটি বাস ও একটি প্রাইভেটকারে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় গ্রেফতারও হয়েছে। এছাড়া আগামী ১৩ নভেম্বর ঘিরে রাজনৈতিক কর্মসূচির কারণে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সাম্প্রতিক অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় গোয়েন্দা সংস্থার কোনো ব্যর্থতা নেই। পুলিশ ও র্যাবও সতর্ক অবস্থায় রয়েছে।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































