আদালত-newsedge24

সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে বৈধ ঘোষণা করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের রায় দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির বেঞ্চ এ ঐতিহাসিক রায় ঘোষণা করেন।

বেঞ্চের অন্যান্য বিচারপতিরা হলেন—বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস. এম. ইমদাদুল হক, বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামান এবং বিচারপতি ফারাহ মাহবুব।

রায়ে আদালত জানিয়েছে, চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা কার্যকর হবে। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে। এর আগে ১১ নভেম্বর তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষে বৃহস্পতিবার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন আপিল বিভাগ।

শুনানিতে বিএনপি, জামায়াত ও অন্যান্য আপিলকারীদের আইনজীবীরা যুক্তি দেন যে, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনা হলেও আগামী নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে; তবে এরপরের নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে অনুষ্ঠিত হতে হবে।

প্রসঙ্গত, ২০১১ সালের ১০ মে তৎকালীন আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে। পরে ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে নতুন আইনি লড়াই শুরু হয়।

আরও পড়ুন: গ্রহণযোগ্য নির্বাচনের জন্য দলগুলোও জনগণের কাছে ওয়াদাবদ্ধ: সিইসি

চলতি বছরের ২৭ আগস্ট সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন মঞ্জুর করেন এবং আপিলের অনুমতি দেন। এরপর ড. বদিউল আলম মজুমদারসহ পাঁচজন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার আপিল করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *