বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ৩৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে পৃথক বাণীতে জানিয়েছেন, জনগণ ঐক্যবদ্ধ থাকলে দেশি-বিদেশি কোনো ষড়যন্ত্রই সফল হবে না।
তারেক রহমান বলেন, “৫ই আগস্টের ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে আমরা নতুনভাবে স্বাধীনতা পেলেও এখনো দেশমাতৃকার বিরুদ্ধে দেশি-বিদেশি চক্রান্ত থেমে নেই। তবে আমরা ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীরা কখনোই সফল হবে না। শহীদ ডা. মিলনের আত্মত্যাগ আমাদের সবসময় প্রেরণা জোগাবে।”
তিনি আরও বলেন, “ডা. মিলনের বুকের তাজা রক্তের বিনিময়ে ১৯৯০ সালে স্বৈরাচার এরশাদের পতন ঘটে এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়।”
অপর এক বানীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন: “ফ্যাসিস্ট আওয়ামী সরকারের ১৬ বছরের দুঃশাসনে মানুষের ভোট, বাকস্বাধীনতাসহ সব গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। ৫ই আগস্টের আন্দোলনে স্বৈরাচারমুক্ত হলেও ষড়যন্ত্রকারীরা এখনো ঘাপটি মেরে আছে। কিন্তু জনগণ এখন ঐক্যবদ্ধ, তাই তারা কখনো সফল হতে পারবে না। গণতন্ত্রকে মজবুত ভিত্তির ওপর দাঁড় করাতে পারলেই শহীদ মিলনের আত্মত্যাগ সার্থক হবে।”
আরও পড়ুন: তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে: বিএনপি
১৯৯০ সালের ২৭ নভেম্বর স্বৈরাচারবিরোধী আন্দোলন চলাকালে ঢাকা মেডিকেল কলেজের সামনে পুলিশের গুলিতে শহীদ হন জাসাস নেতা ও চিকিৎসক ডা. শামসুল আলম খান মিলন। তার শাহাদতের মধ্য দিয়ে এরশাদবিরোধী আন্দোলন চূড়ান্ত বিজয়ের পথে এগিয়ে যায় এবং এক মাসের মধ্যে স্বৈরশাসকের পতন ঘটে।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































