বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেই তাকে লন্ডনে নিয়ে উন্নত চিকিৎসার পরিকল্পনা করছে পরিবার। এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থার জন্য কাতার দূতাবাসের সঙ্গে যোগাযোগ চলছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন শনিবার এ তথ্য জানিয়েছেন।
দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মাহদী আমিন লিখেছেন, “দেশবাসীর দোয়া ও ভালোবাসায় সিক্ত আপসহীন নেত্রীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাঁকে লন্ডনে নিয়ে উন্নত চিকিৎসার পরিকল্পনা করছে জিয়া পরিবার। এ বছরেই লন্ডনে যে হাসপাতাল ও চিকিৎসকদের অধীনে চার মাস থেকে তিনি অনেকটা সুস্থ হয়ে উঠেছিলেন, তাদের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করেছেন তারেক রহমান ও তাঁর স্ত্রী।”
তিনি আরও জানান, সর্বাধুনিক প্রযুক্তিতে সজ্জিত একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে। লন্ডন থেকে ভার্চুয়ালি চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন তারেক রহমান ও জুবাইদা রহমান।
সংবাদমাধ্যমকে মাহদী আমিন বলেন, “লন্ডনে যে হাসপাতালে আগে চিকিৎসা নিয়েছিলেন, তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এয়ার অ্যাম্বুলেন্সের জন্য কাতার দূতাবাসের সঙ্গে যোগাযোগ চলছে।”
আরও পড়ুন: মায়ের গুরুতর অসুস্থতায় তারেক রহমানের আবেগঘন বার্তা
এদিকে আজ শনিবার বিকেল ৫টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছে দলটি।
খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে দেশি-বিদেশি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন। তার অবস্থা এখনো সঙ্কটাপন্ন বলে জানিয়েছে বিএনপি।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































