ওসমান হাদির মরদেহ-newsedge4

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা শরিফ ওসমান হাদির মরদেহ দেশের মাটিতে পৌঁছেছে। তার মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সন্ধ্যা ৫টা ৪৯ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে যাওয়া হয়েছে হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ইনকিলাব মঞ্চ জানিয়েছে, আগামীকাল শনিবার বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে শরিফ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান শুভ্র, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, ডাকসু ভিপি সাদিক কায়েম প্রমুখ।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন শরিফ ওসমান হাদি। তার মৃত্যুর খবরে আজ শুক্রবার বাদ জুমা সারাদেশে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল শনিবার সারাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হবে।

আরও পড়ুন: রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে রাজধানীর বিজয়নগরে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন তিনি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *