শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সংবাদপত্র ও সাংবাদিকদের ওপর হামলা এবং দেশে পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টির ঘটনাকে আগামী জাতীয় নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে অনিশ্চিত করার ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি। এই পরিস্থিতিতে পুরনো চিহ্নিত অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি।
শুক্রবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক লিখিত বক্তব্যে বিস্তারিত সিদ্ধান্ত তুলে ধরেন। তিনি বলেন, “ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় অকালে মৃত্যুবরণ করেছেন। এই কাপুরুষোচিত হত্যাকাণ্ডের তীব্র ঘৃণা ও নিন্দা জানাচ্ছি। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “এই মৃত্যুর খবরকে কেন্দ্র করে গতকাল মাঝরাতে দৈনিক প্রথম আলো, ডেইলি স্টারসহ কয়েকটি সংবাদপত্রের কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। কর্মরত সাংবাদিকদের জীবনমৃত্যুর ঝুঁকিতে ফেলা হয়েছে। নিউ এজ সম্পাদক নুরুল কবিরের ওপর আক্রমণ করা হয়েছে। এই ঘৃণ্য ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।”
মির্জা ফখরুল বলেন, “এসব ঘটনা প্রমাণ করে একটি পুরনো চিহ্নিত মহল পরিকল্পিতভাবে দেশকে নৈরাজ্যের পথে নিয়ে যেতে চায়। সরকারের নাকের ডগায় এই তৎপরতা চলছে। জনগণ মনে করে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়। এই ষড়যন্ত্র আগামী নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণকে অনিশ্চিত করতে চায়।”
তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এই ঘৃণ্য ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ার করছি। রক্তের বিনিময়ে অর্জিত দেশকে ধ্বংস করতে দেওয়া হবে না। নৈরাজ্য বিরোধী সকল রাজনৈতিক-সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তিকে রুখে দিতে হবে।”
আরও পড়ুন: উগ্র গোষ্ঠীর সহিংসতা প্রতিরোধের আহ্বান জানিয়ে সরকারের বিবৃতি
বৈঠকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। ভার্চুয়ালি যুক্ত ছিলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































