দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার রাতে পরিবারের সদস্যদের নিয়ে লন্ডনের হিথরো বিমানবন্দরে পৌঁছেছেন তিনি। বাংলাদেশ সময় রাত ১২টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে ঢাকার উদ্দেশে লন্ডন ছেড়ে যাবেন তারেক রহমান। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার দুপুর ১২টার কিছু আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখবেন তিনি।
স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে দেশে ফিরবেন তারেক রহমান। ফ্লাইটটি সিলেটে সংক্ষিপ্ত স্টপওভার করে ঢাকায় অবতরণ করবে।
এদিকে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্মরণকালের সবচেয়ে বড় সংবর্ধনা দিতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। দলটির আশা, ঢাকায় ৫০ লাখের বেশি নেতাকর্মী জমায়েত হবে। বিমানবন্দর থেকে সরাসরি পূর্বাচলে যাবেন তারেক রহমান, সেখানে একটি বিশাল গণসমাবেশে ভাষণ দেবেন তিনি।
তারেক রহমানের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে হযরত শাহজালাল বিমানবন্দরে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পূর্বাচল এলাকায়ও বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে থাকছে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা
২০০৮ সালে চিকিৎসার জন্য কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি সপরিবারে যুক্তরাজ্যে যান। এরপর থেকে লন্ডনেই অবস্থান করছিলেন। স্ত্রী জুবাইদা রহমান কয়েকবার দেশে এলেও তারেক রহমান ফিরতে পারেননি।





















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































