হামলাকারীর শনাক্ত-newsedge4

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান হোতা ফয়সাল দেশ ছেড়ে পালিয়েছে। রোববার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম।

তিনি জানান, পুলিশের চোখ ফাঁকি দিয়ে হত্যাকান্ডের প্রধান হোতা ফয়সাল ও তার এক সহযোগী ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পাড়ি জমিয়েছে। পলাতক মূল খুনিদের ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

নজরুল ইসলাম মামলার তদন্তের অগ্রগতি নিয়ে বলেন, “তদন্তের কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী ৭-৮ দিনের মধ্যেই আদালতে এই আলোচিত হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট) জমা দেওয়া হবে। যারা এই খুনের পেছনে কলকাঠি নেড়েছে এবং যারা মাঠ পর্যায়ে সরাসরি অংশ নিয়েছে, তাদের সবার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করাই এখন পুলিশের লক্ষ্য।”

আরও পড়ুন: হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের শাহবাগ অবরোধ

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান। তার হত্যার বিচার দাবিতে শাহবাগে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছে ইনকিলাব মঞ্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *