বিএনপির বিরুদ্ধে স্বৈরাচারের ভাষা ব্যবহার করছে-তারেক রহমান-newsedge24

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে রাজনৈতিক দলটি এখন স্বৈরাচারের ভাষা ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছে, সেই দলেরই দুজন সদস্য ২০০১-২০০৬ সালে বিএনপি-নেতৃত্বাধীন সরকারে ছিলেন। তিনি প্রশ্ন তুলেছেন—যদি বিএনপি এত খারাপ হয়, তাহলে ওই ব্যক্তিরা কেন পদত্যাগ করেননি?

আজ মঙ্গলবার বিকালে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে বিএনপির বিশাল সমাবেশে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, “প্রিয় ভাই-বোনেরা, আপনারা নিশ্চয় পত্র-পত্রিকায় দেখেছেন, এই মুহূর্তে একটি রাজনৈতিক দল যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে, সেই স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করছে বিএনপিরই বিরুদ্ধে। তাদের বক্তব্য—বিএনপি নাকি দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল। আমার প্রশ্ন: ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তাদেরও দু’জন সদস্য বিএনপির সরকারে ছিল না, ছিলো?”

তিনি আরও বলেন, “বিএনপি যদি ওতোই খারাপ হয়, তাহলে ওই ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেননি? পদত্যাগ করেননি এই কারণে যে, তারা ভালো করে জানতেন খালেদা জিয়া কঠোর হস্তে দুর্নীতি দমন করছেন। যেই দলটি এখন এই কথা বলছে, তাদের যেই দুই সদস্য বিএনপি সরকারের অংশ ছিলো, তারা ভালো করেই জানতেন যে, খালেদা জিয়া দুর্নীতিকে প্রশ্রয় দেন না।”

সমাবেশ শুরুর কয়েক ঘণ্টা আগেই সার্কিট হাউজ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ময়মনসিংহের বিভিন্ন উপজেলা ছাড়াও আশপাশের জেলা থেকে বিএনপি ও অঙ্গ-সংগঠনের হাজার হাজার নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন। ব্যানার, ফেস্টুন, দলীয় পতাকা, টি-শার্ট, ক্যাপ এবং মাথায় জাতীয় ও দলীয় পতাকা বেঁধে নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন। নেতাকর্মীদের স্লোগান ও পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ।

আরও পড়ুন: আইনশৃঙ্খলা এবং দুর্নীতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে: তারেক রহমান

বিকাল ৪টার দিকে তারেক রহমান সার্কিট হাউজ মাঠে পৌঁছান। সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান। ময়মনসিংহে প্রবেশ করার সময় রাস্তার দু’পাশে দাঁড়িয়ে নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। বিএনপি চেয়ারম্যানও হাত নেড়ে তাদের শুভেচ্ছা জানান।

সমাবেশে বিএনপির শীর্ষ নেতৃত্ব ছাড়াও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এই সমাবেশকে দলের সাংগঠনিক শক্তি প্রদর্শনের একটি বড় মঞ্চ হিসেবে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *