বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি মহল ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে—কীভাবে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করা যায়, বাধাগ্রস্ত করা যায়। তিনি সতর্ক করে বলেন, বিগত ১৬ বছরে নিশিরাতের নির্বাচন, আমি-ডামি নির্বাচন, গায়েবি নির্বাচন দেখেছে দেশের মানুষ। ভোট দিতে পারেনি জনগণ। কিন্তু এখন যারা ভোটের অধিকার কেড়ে নিয়েছিল তারা চলে গেছে, তবু নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকালে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে বিশাল নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, “প্রিয় ভাই-বোনেরা, আমাদের পক্ষ থেকে পরিষ্কার কথা—আমরা দেশের শান্তি চাই। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে নিয়ে আমরা শান্তিতে বসবাস করতে চাই এই দেশে।”
তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেন, “আজ এখানে আপনারা হাজার লক্ষ মানুষ উপস্থিত হয়েছেন। আপনারা যত মানুষের সাথে দেখা হবে প্রত্যেককে বলবেন, আগামী ১২ তারিখের নির্বাচন যাতে কেউ বানচাল করতে না পারে, সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে। সকলকে সজাগ থাকতে হবে।”
রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা
তারেক রহমান রাজশাহীর বর্তমান অবস্থা তুলে ধরে বলেন, রাজশাহীকে মানুষ শিক্ষানগরী বলে, কিন্তু আইটি পার্ক হয়েছে কোনো কাজ হয়নি। পদ্মা নদী ও পাশের খালগুলোতে পানি নেই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বরেন্দ্র প্রকল্প চালু করেছিলেন। বেগম খালেদা জিয়া সেটাকে বড় আকারে করেছিলেন। বিএনপি ক্ষমতায় এলে বরেন্দ্র প্রকল্প সঠিকভাবে আবার চালু করতে চায়।
তিনি আরও বলেন, ধানের শীষ সরকার গঠন করলে পদ্মা ব্যারেজের কাজে হাত দিতে চান। উত্তরাঞ্চলের মানুষকে ধানের শীষে ভোট দিতে হবে। কৃষকরা যাতে উৎপাদিত পণ্য কোল্ডস্টোরেজে রাখতে পারেন সে ব্যবস্থা করতে হবে। আম সংরক্ষণের ব্যবস্থা করতে হবে।
আরও পড়ুন: ২২ বছর পর রাজশাহীতে তারেক রহমান
তারেক রহমান বলেন, মেয়েদেরকে শিক্ষার পাশাপাশি স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। প্রত্যেক মায়ের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চান। দলমত নির্বিশেষে সবাই এই কার্ড পাবে।
চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন, রাজশাহীতে একটি বিশেষায়িত হাসপাতাল করা যায় কিনা দেখবেন। যাতে দেশের মানুষ দেশেই চিকিৎসা নিতে পারেন।
তিনি বলেন, কৃষি পেশা সংক্রান্ত তালিকা তৈরি করা হয়েছে। সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হবে কৃষকদের। কৃষকরা উদ্যোক্তা হয়ে মিল-ফ্যাক্টরি গড়ে তুলতে পারবেন। কৃষকদের হাতে কৃষিকার্ড পৌঁছে দিতে চান। যাদের কৃষিঋণ ১০ হাজার টাকা রয়েছে, বিএনপি সরকার গঠন করলে এই কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে।
জনসভায় হাজার হাজার মানুষের উপস্থিতিতে তারেক রহমানের বক্তব্যে নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। এটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে রাজশাহী বিভাগীয় বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয়।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































