বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সারাদেশে ধানের শীষের জোয়ার দেখে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কেউ যদি নির্বাচন বন্ধ করার ষড়যন্ত্র করে, তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে। এবারের নির্বাচন শুধু জনপ্রতিনিধি নির্বাচন নয়, বরং জাতিকে পুনর্গঠন ও হারানো অধিকার ফিরিয়ে আনার নির্বাচন।
আজ শনিবার দুপুরে নীলফামারী বড় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুকের সভাপতিত্বে এবং সদস্যসচিব এসএম সাইফুল্লাহ রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
তারেক রহমান বলেন, “ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর ও পঞ্চগড়কে শিল্পে রূপান্তর করতে চাই। নীলফামারীতে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো দ্রুত বাস্তবায়ন করা হবে। সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে নীলফামারীকে কৃষি অঞ্চল হাবে রূপান্তরিত করব। কৃষি নির্ভর শিল্প গড়ে তুলে কর্মসংস্থান সৃষ্টি করা হবে।”
তিনি আরও বলেন, “১৬ বছর স্বৈরাচার শুধু নিজেদের স্বার্থ দেখেছে, এই এলাকার উন্নয়নে কোনো কাজ করেনি। আমরা দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে চাই। নারীদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করব। ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের ক্ষমতায়ন এবং কৃষি কার্ডের মাধ্যমে কৃষকদের সহজ ঋণ প্রাপ্তি নিশ্চিত করব। ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ এবং এনজিও থেকে নেওয়া ক্ষুদ্র ঋণ সরকার পরিশোধ করবে। যুবকদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ শ্রমিকে রূপান্তরিত করব।”
আরও পড়ুন: আগামী নির্বাচন শুধু জনপ্রতিনিধি নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান
বিএনপি চেয়ারম্যান জোর দিয়ে বলেন, “আমরা আন্দোলন-সংগ্রাম করেছি। এখন জনগণকে সঙ্গে নিয়ে দেশ পুনর্গঠন করতে চাই। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করতে হবে।”






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































