তারেক-রহমান-newsedge4

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে। আজ মঙ্গলবার জাতীয় সংসদে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ শেষে তারেক রহমানের সভাপতিত্বে সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে তাকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়।

এর আগে বেলা পৌনে ১১টার দিকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের শপথকক্ষে ত্রয়োদশ সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠানে দেশি-বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে দলীয় সিদ্ধান্ত তুলে ধরেন। শপথগ্রহণ শেষে সংসদ সদস্যরা শপথপত্রে স্বাক্ষর করেন।

সূচি অনুযায়ী, বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। আজ সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন ও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।

আরও পড়ুন: বঙ্গভবনের নতুন বাসিন্দা পরবর্তী রাষ্ট্রপতি কে?

নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় এবারের সরকার গঠন প্রক্রিয়া তুলনামূলকভাবে সহজ ও দ্রুত হয়েছে। দলটির নেতৃত্বে নতুন সরকার গঠনের মাধ্যমে দেশে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *