নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নিয়ে চলমান সরকারের ধারাবাহিকতা অব্যাহত রাখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের এক মাসেরও কম সময়ের মধ্যে জনগণের কাছে দেওয়া অন্যতম প্রধান প্রতিশ্রুতি ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির পাইলটিং উদ্বোধন করেছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, “আমরা একে একে সব প্রতিশ্রুতি পূরণের চেষ্টা করব। প্রতিশ্রুতি বাস্তবায়নে বিন্দুমাত্র ব্যত্যয় হবে না। হয়তো বৈশ্বিক কারণে কিছুটা সময় লাগতে পারে, তাই সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানাই।” তিনি আরও বলেন, “নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা হয়েছে। এক মাসের কম সময়ের মধ্যে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার।”
আজ মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটের দিকে রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তিসংলগ্ন) এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান। অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি, বিশিষ্ট নাগরিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আজকের দিনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক উল্লেখ করে তিনি বলেন, “আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আজ আমার জন্য ব্যক্তিগতভাবে আবেগের দিন, বিএনপি ও বর্তমান সরকারের জন্য এই দিনটি ঐতিহাসিক। ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দীর্ঘদিন ধরে পরিকল্পনা করেছি, আজ তার বাস্তবায়ন হচ্ছে।”
আরও পড়ুন:
‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
দেশের অর্ধেক জনসংখ্যা নারী উল্লেখ করে সরকারপ্রধান বলেন, “তাদের যদি মূল্যায়ন করা না হয়, ক্ষমতায়ন করা না হয়, তবে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। নারীদের সাবলম্বী করে গড়ে তুলতে অর্থনৈতিকভাবে স্বচ্ছল করতে ফ্যামিলি কার্ড প্রকল্প হাতে নেওয়া হয়েছে।”
প্রধানমন্ত্রী আরও জানান, আগামী মাসের মধ্যেই ‘কৃষক কার্ড’ কর্মসূচিও চালু করা হবে।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































