শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার-newsedge24

গণ-অভ্যুত্থানের সময় সহিংসতা ও ভাঙচুরের অভিযোগে রাজধানীর লালবাগ থানায় করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে। আজ মঙ্গলবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মো. নাসির উদ্দিন। তিনি জানান, তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে লালবাগ থানার বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ডিবির সূত্র জানিয়েছে, দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন। সর্বশেষ তিনি ধানমন্ডির ৮/এ রোডের এক আত্মীয়ের বাসায় ছিলেন। সেখান থেকেই আজ ভোররাত সাড়ে ৪টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, শিরীন শারমিনের বিরুদ্ধে গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যা মামলাসহ ছয়টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে তিনটি মামলায় ইতিমধ্যে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। বাকি তিনটি মামলা তদন্তাধীন। আজ দুপুরের দিকে তাকে ঢাকার আদালতে তোলা হবে। রিমান্ড চাওয়া হবে কি না, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

আরও পড়ুন:

সংরক্ষিত নারী আসনের ভোট আগামী ১২ মে

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই জনসমক্ষে আসেননি শিরীন শারমিন চৌধুরী। ২০১৩ সালের ৩০ এপ্রিল বাংলাদেশের প্রথম নারী স্পিকার হিসেবে নির্বাচিত হন তিনি এবং টানা তিন মেয়াদে এ দায়িত্ব পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *