কৃষক কার্ড-প্রধানমন্ত্রী-newsedge4

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী ৫ বছরে দেশের ২ কোটি ৭৫ লাখ কৃষককে কৃষক কার্ড দেওয়া হবে। আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল স্টেডিয়ামে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করে তিনি এ ঘোষণা দেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ১৫ জন কৃষক-কৃষাণীর হাতে কার্ড ও গাছের চারা তুলে দেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, “কৃষক সচ্ছল থাকলে সমগ্র বাংলাদেশ ভালো থাকবে।” তিনি পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে বলেন, এই উৎসব মূলত কৃষকদের সঙ্গে সম্পর্কিত। সেজন্যই আজ কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করা হয়েছে।

প্রধানমন্ত্রী জানান, প্রি-পাইলট প্রকল্পের আওতায় ১১টি উপজেলায় প্রায় ২২ হাজার কৃষককে ইতোমধ্যে কার্ড দেওয়া হয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুসারে প্রথম সপ্তাহেই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে, যাতে ১২ লাখ কৃষক উপকৃত হয়েছেন।

তিনি বলেন, “বিএনপি যতবার দেশ পরিচালনা করেছে, কৃষকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। এই আস্থার মূল্য বিএনপি সরকার দেবে।” কৃষিনির্ভর এলাকায় কৃষির সঙ্গে সম্পর্কিত কলকারখানা গড়ে তোলা এবং কোল্ডস্টোরেজ নির্মাণে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী সবাইকে দেশ গঠনের আহ্বান জানিয়ে বলেন, “এখন দেশ পুনর্গঠনের সময়। এই সরকার জনগণের সরকার। লক্ষ্য দেশের মানুষের ভাগ্য পরিবর্তন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *