বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের দাম বাড়িয়েছে সরকার। আজ রোববার থেকে সারাদেশে নতুন নির্ধারিত দামে বিক্রি হচ্ছে এসব জ্বালানি তেল।
দাম বৃদ্ধির পরও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে তেল নিতে ভোক্তাদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। ভোর থেকেই পাম্পগুলোতে চালকদের ভিড় দেখা যাচ্ছে। অনেক স্থানে এখনও রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল দেওয়া হচ্ছে। ভোক্তাদের অভিযোগ, রাত থেকে অপেক্ষা করেও পাচ্ছেন না কাঙ্ক্ষিত পরিমাণ তেল।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন দাম জানানো হয়েছে। নতুন দাম নিম্নরূপ:
- অকটেন: প্রতি লিটার ১৪০ টাকা
- পেট্রল: প্রতি লিটার ১৩৫ টাকা
- কেরোসিন: প্রতি লিটার ১৩০ টাকা
- ডিজেল: প্রতি লিটার ১১৫ টাকা
ভোক্তাদের আশঙ্কা, এই বাড়তি দামের প্রভাব পড়বে পরিবহন ভাড়া, কৃষি উৎপাদন ব্যয় এবং নিত্যপণ্যের বাজারেও।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































