ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর ক্ষমতার সম্ভাব্য পালাবদলের প্রেক্ষাপটে সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে কঠোর ও সতর্ক অবস্থান নেবে বাংলাদেশ। আজ মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এ কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, “পশ্চিমবঙ্গে ক্ষমতার পরিবর্তনের পর যদি কোনো ধরনের পুশইনের ঘটনা ঘটে, তবে ঢাকা তার পাল্টা ব্যবস্থা নিতে বিন্দুমাত্র দ্বিধা করবে না। আমরা সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমাদের নিরাপত্তা বাহিনী সতর্ক রয়েছে।”
সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন বিদেশ সফর নিয়েও গুরুত্বপূর্ণ তথ্য দেন। তিনি জানান, সবকিছু ঠিক থাকলে চলতি বছরের জুন মাসের মধ্যেই প্রধানমন্ত্রী চীন সফরে যেতে পারেন।
মন্ত্রী বলেন, “চীন ও ভারতের মতো প্রতিবেশী এবং বন্ধুত্বপূর্ণ দেশগুলোর প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ কূটনৈতিক প্রতিশ্রুতি রয়েছে। বর্তমানে দুই দেশের সরকারপ্রধানের সুবিধাজনক সময় এবং শিডিউল সমন্বয় করে এই সফরের বিস্তারিত পরিকল্পনা চূড়ান্ত করার কাজ চলছে।”
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী
তিস্তা নদীর পানি বণ্টন ও ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিনের সংকট নিরসনে সরকারের অগ্রাধিকারের কথা পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃঢ় অঙ্গীকার রয়েছে। আশা করা হচ্ছে, আসন্ন চীন সফরে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিস্তারিত আলোচনায় আসবে।”
পররাষ্ট্রমন্ত্রী আরও যোগ করেন যে, বাংলাদেশের উন্নয়ন ও জাতীয় স্বার্থসংশ্লিষ্ট প্রকল্পগুলোতে চীন সবসময়ই বড় অংশীদার হিসেবে কাজ করতে আগ্রহী, এবং তিস্তা মহাপরিকল্পনা এই সম্পর্কের নতুন মাত্রা যোগ করতে পারে।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































