ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ব্লকেড কর্মসূচি চলছে। এতে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের দাপ্তরিক ও একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
গত ১৪ মে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। নিয়োগের প্রজ্ঞাপন জারির পর থেকেই শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। মঙ্গলবার সকাল থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অবস্থান নিয়ে ব্লকেড কর্মসূচি পালন করছেন। এ সময় কর্মকর্তা-কর্মচারীরা ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে তাদের বাধা দেওয়া হয়। দুপুরে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন শিক্ষার্থীরা।
গতকাল রোববার নবনিযুক্ত উপাচার্যের ক্যাম্পাসে যোগদানের খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা ফটকে তালা ঝুলিয়ে দেন। এ সময় নবনিযুক্ত ভিসির পক্ষে ছাত্রদল ও বহিরাগতদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় উভয়পক্ষের অনেকে আহত হন। পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
শিক্ষার্থীরা বলেন, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয়। তাই বহিরাগতের পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ জ্যেষ্ঠ ও যোগ্য শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগ করা উচিত। নতুন ভিসিকে প্রত্যাখ্যানের পাশাপাশি গতকালের ঘটনায় দায়ীদের বিচার এবং আহতদের উন্নত চিকিৎসার দাবিও জানিয়েছেন তারা।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) বলেন, “ছাত্রদের শান্ত করার জন্য ভাইস চ্যান্সেলরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি তাদের সঙ্গে কথা বলবেন। আলোচনার মাধ্যমে শান্ত পরিবেশ ফিরিয়ে আনা হবে।”
আরও পড়ুন:
ডুয়েটে নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ
গাজীপুর সদর থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, গতকালের সংঘর্ষে পুলিশ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ১৪-১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নতুন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল গতকাল যোগদান করে দাপ্তরিক কাজ শুরু করেছেন।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































