বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, মধ্যপ্রাচ্য সংকটের কারণে বৈশ্বিক জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় সরকার দেশে তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে। বৈশ্বিক সংকট কাটলে সঙ্গে সঙ্গে মূল্য সমন্বয় করা হবে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মেহেরপুরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, সরকার বাইরের দেশ থেকে জ্বালানি তেল আমদানি করে। বিশ্ববাজারে দাম বাড়ায় দেশেও সমন্বয় করতে হয়েছে।
আরও পড়ুন: ভারতীয় রুপির বিপরীতে শক্তিশালী হচ্ছে টাকা
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত দিনে বিদ্যুৎ বিতরণে বৈষম্য থাকলেও আগামীতে তা দূর করা হবে।
এর আগে প্রতিমন্ত্রী সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টনসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































