সাভার সেনানিবাসের পতাকা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে বিশ্বের সব দেশের সঙ্গে বন্ধুত্ব আরও মজবুত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। একইসঙ্গে বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে প্রতিরক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী ও সেনাবাহিনীকে আধুনিক করতে সরকার নিরবচ্ছিন্ন কাজ করছে।
রোববার সকালে গুলশানের বাসভবন থেকে সাভারে পৌঁছান প্রধানমন্ত্রী। সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তাকে স্বাগত জানান। সেনানিবাসে গার্ড অব অনার গ্রহণের পর উপস্থিত সেনাদের সঙ্গে সালাম বিনিময় করেন তিনি। এরপর নবম পদাতিক ডিভিশনের সাতটি ইউনিটকে জাতীয় পতাকা তুলে দেন। সম্মানজনক এই পতাকা পেয়েছে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, ৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ২৫ এডি রেজিমেন্ট, ৯ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, ৫৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও ৫৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।
অনুষ্ঠানে স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, সেনা পরিবারের সদস্য হিসেবে তিনি সেনা পরিবেশেই বড় হয়েছেন। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবেই আজ সশস্ত্র বাহিনীর হাতে ন্যাশনাল স্ট্যান্ডার্ড তুলে দেওয়া হয়েছে। পতাকার মান ও মর্যাদা অক্ষুণ্ণ রাখা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব।
সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক ভূমিকা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের জন্ম-ইতিহাসের সঙ্গে সেনাবাহিনীর অবদান ওতপ্রোতভাবে জড়িত। ১৯৭১-এর উত্তাল সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ‘উই রিভোল্ট’ উচ্চারণ করে সৈনিকদের ঐক্যবদ্ধ করেছিলেন এবং স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। দেশের জনগণ সবসময় সশস্ত্র বাহিনীর গৌরবকে জাতির সাফল্য হিসেবেই দেখে।
পরিবর্তনশীল ভূ-রাজনীতি ও যুদ্ধের ধরনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রতিরক্ষা প্রযুক্তিকে এগিয়ে নিতে এবং স্বয়ংসম্পূর্ণ, আধুনিক ও প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে। অভ্যন্তরীণভাবে গোলাবারুদ ও প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের উদ্যোগও জোরদার করা হয়েছে। দীর্ঘদিনের দাবি ‘ওয়ান র্যাংক, ওয়ান পেনশন’ নীতি বাস্তবায়নের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
বক্তব্যের শেষে তারেক রহমান জোর দিয়ে বলেন, জাতীয় আত্মমর্যাদা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নেই। বিশ্বমঞ্চে পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব বন্ধু রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় রাখবে বাংলাদেশ।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































