শিক্ষকরা রাজনীতিতে জড়ালে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
শনিবার সকালে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) ময়মনসিংহে দশম গ্রেডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিক্ষকরা রাজনীতিতে জড়াতে পারবেন না। তারা রাজনীতিতে জড়ালে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
উপদেষ্টা বলেন, বাচ্চাদের পড়াশোনার মান বৃদ্ধির পাশাপাশি খরচ কমাতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হচ্ছে। শিক্ষায় গুণগতমান বৃদ্ধিতে কাজ করছে সরকার। সে লক্ষ্যে কারিকুলাম ও পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে।
তিনি বলেন, শিশুদের মানসিক বিকাশে শুধু বইয়ের ওপর নির্ভর করলে অনেক সময় ফলাফল খারাপ হয়। সামগ্রিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে যোগ দেওয়া দরকার। এজন্য শিক্ষক অভিভাবকদের মধ্যে সচেতনতা দরকার।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































