বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, , বাংলাদেশের যতো সাংস্কৃতিক কর্মসূচি রয়েছে, সবই পালিত হবে। কোনটাই বন্ধ হবে না। পরিকল্পিতভাবে আমাদের সংস্কৃতি বন্ধ করা যাবে না৷
আজ সোমবার রাজধানীর পল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দলের এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, ‘আমরা খবরের কাগজ খুললেই রাজনৈতিক দল গঠনের কথা শুনছি। কেউ সভাপতি, কেউ সাধারণ সম্পাদক হবে-এ নিয়ে এক মহোৎসব শুরু হয়েছে। কিন্তু যাদের রক্তের ওপর দাঁড়িয়ে গঠিত সরকারকে তাদের পুনর্বাসনের জন্য বড় ধরনের পদক্ষেপ দেখলাম না।’
তিনি আরও বলেন, ‘সরকার প্রধান বললেন ছাত্ররা দল করতেই পারে। হ্যাঁ, আমরা যদি গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করি তাহলে করতে পারে। কিন্তু যাদের রক্তের ওপর দাঁড়িয়ে কথাগুলো বলা হচ্ছে তাদের রক্তের ঋণ পরিশোধ করা উচিত।’
ছাত্রদল ও ছাত্রশিবিরের রাজনৈতিক রেষারেষি কোনোভাবেই কাম্য নয় উল্লেখ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘ছাত্রশিবির বলে ছাত্রদলের ভেতর নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিচ্ছবি দেখছে। কে কখন নিষিদ্ধ হয়, তা আমরা জানি না। এখন ছাত্রলীগ নিষিদ্ধ কি না আমরা জানি না। ছাত্রশিবিরকেও নিষিদ্ধ হতে দেখেছি একসময়। আমরা এটাও জানি শিবিরের বর্তমান নেতারা ছাত্রলীগের ভেতর অবস্থান করে অনেক পদপদবিও পেয়েছিলেন।’






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































