বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমানে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এ অবস্থা থেকে উত্তরণে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রয়োজন। সব সেক্টরে নারীদের পূর্ণাঙ্গ বিকাশ ঘটাতে সব ধরণের ব্যবস্থা নেবে বিএনপি।
শনিবার সকালে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, দেশজুড়ে নারীর প্রতি হেনস্তার পেছনে উগ্র গোষ্ঠীর মদদ থাকতে পারে। বাংলাদেশকে অতি রক্ষণশীল বানানোই তাদের লক্ষ্য।
রিজভী আরও বলেন, নিষিদ্ধ সংগঠন কীভাবে মিছিল করে তা সরকারকে গুরুত্বের সঙ্গে দেখতে হবে। সরকারকে লক্ষ্য রাখতে হবে, দেশে যেন অশুভ শক্তির উদয় না হয়। ক্যাম্পাসে মেয়েদের পোশাক নিয়ে উগ্রবাদী গোষ্ঠী কাজ করছে।
তিনি বলেন, বহির্বিশ্বে বাংলাদেশকে অতি রক্ষণশীল দেশ হিসেবে পরিচিত করার গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে উগ্রবাদী গোষ্ঠীর মদদে নারী হেনস্তার ঘটনা ঘটছে। নারীদের পোশাক নিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বক্তব্য গ্রহণযোগ্য হতে পারে না। আধুনিক যুগে নারীদের বন্দি রাখলে সমাজ এগিয়ে যাবে না।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































