ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বিএনপি -newsedge24

ঢাকা, ১৬ এপ্রিল ২০২৫: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন না হলে দেশে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে। বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল জানান, বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য সুনির্দিষ্ট সময়সীমার কথা বললেও প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা উল্লেখ করেছেন। তবে কোনো নির্দিষ্ট সময়সীমা না দেওয়ায় বিএনপি এতে সন্তুষ্ট নয়। তিনি বলেন, “আমরা পরিষ্কারভাবে বলেছি, ডিসেম্বরই হচ্ছে কাট অফ টাইম। এর মধ্যে নির্বাচন না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে।”

বুধবার দুপুর ১২টার দিকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির পক্ষে মির্জা ফখরুলের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ এবং ইকবাল হাসান মাহমুদ টুকু অংশ নেন।

বিএনপি মহাসচিব আরও জানান, দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করা না হলে দেশে অস্থিতিশীলতা বাড়বে। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *