শিক্ষা উপদেষ্টার অনুরোধে সাড়া দেননি কুয়েট শিক্ষার্থীরা-newsedge24

খুলনা, ১৬ এপ্রিল ২০২৫: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশনরত শিক্ষার্থীদের তদন্ত কমিটির ওপর ভরসা রেখে অনশন ভাঙার অনুরোধ জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। তবে শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়েছেন, উপাচার্যের পদত্যাগ ছাড়া তারা এই কর্মসূচি থেকে সরে আসবেন না।

বুধবার সকাল পৌনে ১০টার দিকে শিক্ষা উপদেষ্টা কুয়েট ক্যাম্পাসে পৌঁছে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন। তিনি শিক্ষার্থীদের দাবি শোনেন এবং তাদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে অনশন ভাঙার আহ্বান জানান। বেলা সাড়ে ১০টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

সি আর আবরার বলেন, “পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। গতকাল গরমের মধ্যে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন, আমি তাদের জন্য শঙ্কিত। আমরা গতকাল তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছি। তারা পর্যবেক্ষণ করে সুপারিশ দেবেন, এরপর আমরা পরবর্তী পদক্ষেপ নেব। শিক্ষার্থীরা এখনই কোনো ঘোষণা চাইছেন, যাতে তারা অনশন ভাঙতে পারেন। আমি তাদের বোঝানোর চেষ্টা করেছি যে, এটি আইনি প্রক্রিয়ার বিষয়। বিশ্ববিদ্যালয় পরিচালনার নির্দিষ্ট আইন রয়েছে, এবং তদন্ত কমিটির সুপারিশ সেই আইনের আলোকে আসবে। সুপারিশ পেলে আমরা দ্রুত তা বাস্তবায়নের চেষ্টা করব।”

শিক্ষার্থীরা সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অনশন ভাঙার পর প্রতিশ্রুতি পূরণ না হওয়ার উদাহরণ তুলে ধরেন। এ বিষয়ে আবরার বলেন, “শাহজালাল বিশ্ববিদ্যালয়ে কী ঘটেছিল, তা নিয়ে আমার কিছু বলার নেই। আমি এখানে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে এসেছি এবং প্রতিশ্রুতি দিচ্ছি, কমিটির সুপারিশ বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত নেব এবং তা বাস্তবায়ন করব।”

অনশনরত শিক্ষার্থীরা প্রথম আলোকে বলেন, “আমরা এক দফা দাবিতে অটল। উপাচার্য পদত্যাগ করলেই আমরা অনশন ভাঙব। এর বাইরে আমরা কিছু ভাবছি না।” আলোচনার পরপরই শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন এবং উপাচার্যের পদত্যাগের দাবিতে স্লোগান দেন।

গত মঙ্গলবার সন্ধ্যায় অনশনের মধ্যে ছাত্রীরা তালা ভেঙে হলে প্রবেশ করেন। এর আগে, ১৫ এপ্রিল ছেলেদের ছয়টি হলের তালা ভাঙা হয়েছিল। এছাড়া বিক্ষোভ সমাবেশ, মিছিলসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে খুলনা নাগরিক সংগঠন, খুলনা বিশ্ববিদ্যালয় ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন সংগঠন। মঙ্গলবার নিজেদের ফেসবুকে পেজে তারা এ কর্মসূচি ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *