বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কাতারের আমীরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার (৬ মে, ২০২৫) দেশে ফিরবেন। সূচি অনুযায়ী, তিনি সোমবার (৫ মে) স্থানীয় সময় বিকেল ৪টা ১০ মিনিটে লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন এবং মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। তার সঙ্গে ফিরবেন তার দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান।
শনিবার (৩ মে) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক ব্রিফিংয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, খালেদা জিয়া সোমবার দেশে ফিরছেন। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, তার ফিরে আসার সময়সূচি পরিবর্তিত হয়ে মঙ্গলবার নির্ধারিত হয়েছে।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি রাত পৌনে ১২টার দিকে উন্নত চিকিৎসার জন্য কাতারের আমীরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। তিনি লন্ডন ক্লিনিকে ১৭ দিন চিকিৎসা নেন। এরপর ২৫ জানুয়ারি থেকে তিনি তার ছেলে তারেক রহমানের বাসভবনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































