বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া চার মাসের চিকিৎসার পর অনেকটা সুস্থ হয়ে উঠেছেন। তিনি আগামী সোমবার (৫ মে) ঢাকায় ফিরতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে। তবে তাঁর পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে শুক্রবার দলের নেতৃত্ব কোনো সুনির্দিষ্ট তথ্য দেয়নি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জ়েড এম জ়াহিদ হোসেন শুক্রবার বলেন, “ম্যাডামের শারীরিক অবস্থা এখন আগের চেয়ে অনেক ভালো। সবকিছু ঠিক থাকলে তিনি ৫ মে দেশে ফিরবেন।” তিনি আরও জানান, তারেক রহমানের স্ত্রী ও চিকিৎসক জ়ুবাইদা রহমান এবং খালেদার প্রয়াত কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমানও একই বিমানে সোমবার ঢাকায় ফিরবেন।
গত ৬ অগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার পর খালেদা জিয়ার বিরুদ্ধে সব মামলা তুলে নেওয়া হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাঁর কারাদণ্ড মকুব করেন। এরপর তিনি চিকিৎসার জন্য লন্ডনে যান। ৮ জানুয়ারি লন্ডনে পৌঁছানোর পর খালেদা তারেক রহমানের সঙ্গে দেখা হয়। দীর্ঘদিন পর পুত্রের মুখোমুখি হয়ে তিনি আবেগ আপ্লুত হয়ে পরেন।
তারেক রহমান শেখ হাসিনার শাসনামলে গ্রেপ্তার এড়াতে লন্ডনে স্থায়ীভাবে বসবাস শুরু করেছিলেন। তাঁর দেশে ফেরার বিষয়ে বিএনপি নেতৃত্ব এখনো কোনো স্পষ্ট ঘোষণা দেয়নি। তবে খালেদা জিয়ার ফেরা রাজনৈতিক অঙ্গনে বিএনপির জন্য গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। দলীয় নেতাকর্মীরা তাঁর ফেরাকে ঘিরে উৎসাহ প্রকাশ করেছেন।
বিএনপির একটি সূত্র জানায়, খালেদা জিয়ার ফেরার পর তিনি দলের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেবেন। তবে তাঁর স্বাস্থ্য বিবেচনায় কতটা সক্রিয় থাকবেন, তা এখনো স্পষ্ট নয়।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































