অন্তর্বর্তীকালীন সরকার শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিবৃতিতে জানিয়েছে, স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে, সাবেক রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি মো. আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়, বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে নিষিদ্ধ করার দাবি উঠেছে। সরকার এই দাবিকে গুরুত্বের সাথে বিবেচনা করছে এবং ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ শুরু করেছে। আলোচনার মাধ্যমে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়েছে। সরকার এ বিষয়ে জাতিসংঘের প্রতিবেদনসহ আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ বিবেচনায় রাখছে। জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে।
ইতোমধ্যে, জনদাবির প্রতি সম্মান জানিয়ে প্রচলিত আইনের অধীনে সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া, মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িত সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক অপরাধ আদালত আইনে প্রয়োজনীয় সংশোধনী আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিবৃতিতে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগ নিয়ে জনমনে সৃষ্ট ক্ষোভের বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরা হয়। তাকে ফ্যাসিবাদী সরকারের রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি হিসেবে উল্লেখ করে বলা হয়, এই ঘটনায় জড়িত সকলের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সরকার বদ্ধপরিকর।
এর আগে, আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ইমিগ্রেশন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার এবং কিশোরগঞ্জ সদর থানার একজন তদন্তকারী কর্মকর্তা ও বিশেষ শাখার (এসবি) একজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।





















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































